বিদ্রোহের আগুনে বিএনপি মাঠ গোছাচ্ছে জামায়াত

বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্রোহের আগুনে বিএনপি মাঠ গোছাচ্ছে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে বিএনপির প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে দলে অস্থিরতা দেখা দিয়েছে। দলীয় প্রার্থী ছাড়াও বিএনপির আরও ৪ জন নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

এই আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন (প্রত্যয়ন) পেয়েছেন সাবেক সচিব মো. আবদুল বারী। গত ২৪ ডিসেম্বর তাঁর প্রত্যয়নপত্র পাওয়ার খবর জানাজানি হলে ফেসবুকে আলোচনার পাশাপাশি শুরু হয় সমালোচনার ঝড়। আবদুল বারীকে দল মনোনয়ন দিলেও তার বাইরেও মনোনয়নপত্র তুলেছেন বিএনপির আরও চারজন প্রভাবশালী নেতা। তারা হলেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, কৃষক দলের কেন্দ্রীয় নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতা ও ওমান যুবদলের সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুল ইসলাম সিআইপি।
স্বতন্ত্র প্রার্থীদের দাবি, একজন অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় বিএনপির এই ‘দুর্গ’ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। তবে স্থানীয় অনেক নেতাকর্মী বলছেন, দল একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে বেছে নিয়েছে এবং শেষ পর্যন্ত ভোটাররা ‘ধানের শীষ’ প্রতীকেই ভোট দেবেন।

এদিকে বিএনপির এই অভ্যন্তরীণ বিরোধকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। তাদের একক প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জোরেশোরে প্রচারণা শুরু করেছেন। বিএনপির কোন্দল দেখে জামায়াত-শিবিরবলয়ে এখন ফুরফুরে মেজাজ বিরাজ করছে।
কে এই আবদুল বারী?

বিএনপি মনোনীত প্রার্থী আবদুল বারী একজন সাবেক সচিব। তিনি ছাত্রজীবন থেকেই জিয়াউর রহমানের আদর্শে রাজনীতিতে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি ডিসি এবং বিভাগীয় কমিশনার ছিলেন। বিএনপি নেতাদের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জেল খেটেছেন এবং সম্প্রতি অন্তর্বর্তী সরকার তাঁকে সকল মামলা থেকে অব্যাহতি দিয়ে সচিব পদে পদোন্নতি দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুতের দাবি, যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি মাঠের নেতা নন। প্রার্থী পরিবর্তনের সুযোগ এখনও আছে বলে তিনি আশা করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান নিশ্চিত করেছেন যে, জয়পুরহাট-২ আসনে এখন পর্যন্ত বিএনপি, জামায়াত, এবি
পার্টি, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

এই বিভাগের আরো খবর