রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও নেশাজাতীয় দ্রব্যের আলামতসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে মো. আতিক আহমেদ (২৬) নামের ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় ছুরি ও পাঁচটি দেশীয় হাইসা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আতিক আহমেদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত। তার বিরুদ্ধে দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রতিবেশীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে। এতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল বলে জানান এলাকাবাসী।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।