ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন–১ এর সদস্যদের অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট নিয়ে বিজিবি সদস্যরা টহল ও কৌশলগত অনুশীলনে অংশ নেন।
বিজিবি সূত্র জানায়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়া পরিচালনা করা হয়েছে। ভোটকে কেন্দ্র করে নদীর চরাঞ্চলে বিজিবির বিশেষ ক্যাম্পও স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ভোটের আগে ও পরে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। মহড়ায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।