রাজশাহীতে রাতের আঁধারে দুই পানবরজে আগুন

রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে রাতের আঁধারে দুই পানবরজে আগুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই থেকে তিন বিঘা জমির পান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, শত্রুতাবশত কেউ আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশা ও তারাবির নামাজের সময় হঠাৎ আগুন-আগুন চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখেন পানের বরজে আগুন জ্বলছে। তাঁরা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের দেড় বিঘা এবং পারিলা গ্রামের গোলাম নবীর ১৮ কাঠা জমির পানের বরজ পুড়ে যায়। দুই চাষির দাবি, এতে তাঁদের ৭ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। চৈত্র মাসে ভালো দামের আশায় পান সংরক্ষণ করে রেখেছিলেন বলে জানান তাঁরা।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মী মোহাম্মদ আলী জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে- এমন খবর পেয়ে তাঁরা পথ থেকেই ফিরে যান।

দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর