রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামিকে অপহরণ!

রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামিকে অপহরণ!

রাজশাহীতে একটি হত্যা মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহ (২৭) নিখোঁজ হওয়ার ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। গত ২০ দিন ধরে তাঁর কোনো খোঁজ না মেলায় পরিবার চরম উদ্বেগে রয়েছে। স্বজনদের দাবি, মামলার বাদীপক্ষ বা অন্য কেউ তাঁকে অপহরণ করে থাকতে পারে।

মাসুম নগরের ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকার বাসিন্দা। গত ৮ ফেব্রুয়ারি আদালতে হাজিরা দেওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবার জানায়, সেদিন হাজিরা শেষে তিনি গোদাগাড়ীর রাজাবাড়ী ভূমি অফিসে যাবেন বলে জানিয়েছিলেন। রাত পর্যন্ত বাসায় না ফেরায় তাঁর মা রাবেয়া বেগম মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি রাবেয়া বেগম নগরের রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। তবে এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অভিযোগে উল্লেখ করা হয়, মাসুম বিল্লাহ পেশায় ছাত্র। ২০২২ সালের একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ওই মামলার ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। পরিবারের দাবি, মামলার বাদীপক্ষ এর আগে মাসুমকে বিভিন্ন সময় ভয়ভীতি ও তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল।

মাসুমের বোন জিয়াসমিন খাতুন বলেন, “মামলার বাদীপক্ষ আগেও হুমকি দিয়েছিল। আমরা স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করছিলাম। আলোচনা চলছিল। এর মধ্যেই হাজিরার দিন আমার ভাই নিখোঁজ হয়। এখনো তার কোনো খোঁজ নেই। আমরা খুব দুশ্চিন্তায় আছি। তার সন্ধান চাই।”

এই বিভাগের আরো খবর