রাজশাহীতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তা ও জিএফএ-এর কারিগরি সহায়তায় আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বাল্যবিবাহ, মাদক, ধর্ষণ, সামাজিক অবক্ষয় এবং শিশুদের মোবাইল ফোন ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় গণমাধ্যমকর্মীরা তাদের বক্তব্যে বলেন, পরিবারের অসচেতনতার কারণে বাংলাদেশে বাল্যবিবাহ এখনো দিন দিন বেড়েই চলেছে। মাদকের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সম্পৃক্ততার অভিযোগ থাকায় এ সমস্যা নির্মূল করা কঠিন হয়ে পড়ছে বলেও তারা উল্লেখ করেন।

এছাড়া শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিষয়ে তারা বলেন, মা–বাবার দায়িত্বহীনতার কারণে শিশুরা মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। এতে একদিকে তাদের মস্তিষ্কের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং পরিবারে ভালোবাসা ও আন্তরিকতাও কমে যাচ্ছে।

অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সমাজে একদিকে যেমন বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না, অন্যদিকে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনাও বাড়ছে। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা মা–বাবার প্রতিও অসম্মানজনক আচরণ করছে। মাদককে কেন্দ্র করে খুন, ছিনতাই, নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধও বাড়ছে বলে তারা উল্লেখ করেন।

এ সময় সুশীল সমাজের প্রতিনিধিরা এসব সামাজিক সমস্যা মোকাবিলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমতা নারী কল্যাণ সংস্থার পরিচালক নজরুল ইসলাম, দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম, বস্তি উন্নয়ন ও কর্মসংস্থা পরিচালক হাসিনুর রহমান, বারনই লোকসাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক রায়হান আলী জুয়েল, নাগরিক ফোরাম পবা উপজেলার সভাপতি মাসুদ রানা, অগ্রগামী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক রবিউল ইসলাম, নাগরিক ফোরাম দুর্গাপুর উপজেলার সভাপতি মোহামিন খন্দকার, সুরভি মহিলা সমিতির সভাপতি মাকসুদা বেগম, ডিএমকেএস-এর পরিচালক শামসুজ্জোহা, থানাপাড়া সোয়ালোজের অমিতাভ নেওয়াজ বাপন, দারিদ্র্য কল্যাণ সংস্থার পরিচালক জিল্লুর রহমান, খান ফাউন্ডেশন (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার এবং খান ফাউন্ডেশন (দুর্গাপুর-চারঘাট) প্রকল্প কর্মকর্তা শিরিনা আক্তার।

এছাড়াও জেলার বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং খান ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা এ সভায় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর