শিবগঞ্জে রাতের আঁধারে বাড়িতে ককটেল হামলা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে রাতের আঁধারে বাড়িতে ককটেল হামলা, ১৬ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে নির্মাণাধীন বাড়িতে ককটেল হামলা চালিয়ে লুটপাটের অভিযোগে মামলা দায়ের হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এর পরেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা। এতে আরও আতঙ্কিত হয়ে পড়েছেন হামলার স্বীকার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে গত ৩ মার্চ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে। এতে দুজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও আহতের স্বজনেরা।আহতরা হলেন তাজকেরা বেগম ও সইদুল ইসলাম।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, উত্তরাধিকার সূত্রে পাওয়া ভোগদখলীয় জমিতে পাকা বাড়ি নির্মাণ করছিলেন তাজকেরা বেগম। পরে গত ৩ মার্চ রাত ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে অতর্কিত হামলা চালিয়ে নবনির্মিত বাড়ি ভাঙচুর এবং বাড়িতে থাকা জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

মামলার আসামিরা হলেন— পারদিলালপুরের মৃতু সেকান্দার আলীর ছেলে সামশুল হক (৬৫), শফিকুল ইসলাম ওরফে আলামিন (৫০), আশরাফ (৫৫), মোশাররফ হোসেন (৫৩), ইয়াসিন আলী (৪৮), সইবুর রহমান (৬৭)।

মৃত রফিকুল ইসলামের ছেলে আবু তাহের (৩৫), জাহিদ আলী (৪৬), সামশুল হকের ছেলে জিহাদ (৪০), মৃত আলকেশ আলীর ছেলে আব্দুর রাকিব (৩৫) ও তার স্ত্রী সাথী বেগম (৩৩), সইবুর রহমানের স্ত্রী শেরিনা বেগম(৬৫) ও ছেলে কাশিম আলী (৪৮), আব্দুল মান্নানের ছেলে নুরুল ইসলামের নাম উল্লেখসহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী তাজকেরা বেগম বলেন, কষ্টার্জিত টাকা দিয়ে কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি নির্মাণ করছিলাম। অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে মালামাল লুটে নিয়েছে প্রতিপক্ষরা।

এদিকে হামলার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত শামসুল ইসলাম বলেন, ‘বেআইনিভাবে বাড়ি নির্মাণ করায় বাধা দেওয়ার চেষ্টা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আদালতে পাঠানো হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর