রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ৬৩.৬৭ শতাংশ

, ,

রাজশাহী বোর্ডে এসএসসির পাসের হার ৬৩.৬৭ শতাংশ




২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। মোট ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সারাদেশের সঙ্গে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ নির্ধারিত অনলাইন মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের ফলাফলের তুলনায় এবার পাসের হার কিছুটা উন্নতি করেছে। তবে সার্বিকভাবে ফল প্রকাশকে ঘিরে নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগের মতো বড় ধরনের জটলা বা উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি।

এর অন্যতম কারণ, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। ফলে অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে না গিয়ে মুঠোফোন ও অনলাইনের মাধ্যমে নিজ নিজ ফলাফল সংগ্রহ করেছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ প্রকাশ করলেও অনেকে আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ হয়েছে। ফল পুনর্নিরীক্ষণের সুযোগ থাকায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে আবেদন করতে পারবে।

এই বিভাগের আরো খবর