নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী জেলায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিদ্যালয়গুলো হলো—গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় এবং মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয়।
তথ্য অনুযায়ী, গোদাগাড়ী উপজেলার পাকড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে তাদের মধ্যে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকেও ৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফল প্রকাশের পর দেখা যায়, এই বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
এদিকে, মোহনপুর উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয়ের ফলাফলও হতাশাজনক। বিদ্যালয়টি থেকে এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। কিন্তু তাদের মধ্যে একজনও পাস করতে পারেনি।
একই জেলার তিনটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিদ্যালয়গুলোর এমন ফলাফলের পেছনে শিক্ষকদের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার পরিবেশ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।