নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তেরখাদিয়া ও সপুরা এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব-৫ ও রাজশাহী সিটি করপোরেশন। এ সময় রাস্তায় ইট, বালু ও ইটের খোয়া রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আইন অমান্য করার দায়ে চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী এবং রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তারা অংশ নেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
অভিযানকালে মহানগরীর বিভিন্ন এলাকায় চলাচলের রাস্তায় ইট, বালু ও ইটের খোয়া রেখে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিষয়টি ধরা পড়ে। পরে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চার ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন পরিমাণে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, রাজশাহী মহানগরীতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় সব ধরনের এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হবে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ইট, বালু, খোয়া বা অন্য কোনো নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে ভবিষ্যতেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।