রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত যুবক

, ,

রাজশাহীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত যুবক




রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল করিম (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল করিম ওই গ্রামের ফজলুল হকের ছেলে। ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ করিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় বেলপুকুর থানায় ২৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এলাকার রফিক, করিম ও রাব্বীর সঙ্গে একই এলাকার জিল্লুর ও শাহাবুরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর কিছুক্ষণ পর দুপক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে করিমসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে সন্ধ্যার পর পুলিশ তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এই বিভাগের আরো খবর