বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি জনগণের কাছে পরিষ্কার: কাদের

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি জনগণের কাছে পরিষ্কার: কাদের

ডেস্ক নিউজ : বিএনপি বিষোদগার ছাড়া এ সংকটে জাতিকে কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি রোববার রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতিমধ্যে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। বিএনপির বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকেনি। আর সেটি হয়নি বলেই বিএনপির গাত্রদাহ। জনগণের জীবন-জীবিকার ওপর সরকারের কোনো দায়িত্ব নেই– বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিল, তখন বিএনপি সমালোচনা করেছিল কেন?

তিনি বলেন, লকডাউনের জন্য চাপ তৈরি করে মির্জা ফখরুল এখন জনগণের জীবিকার কথা বলছেন। ‘সরকারের অবহেলা আর অজ্ঞতার জন্য পরিস্থিতি খারাপ হয়েছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা মহামারীতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিয়ে সফলতা পেয়েছে? কোন দেশ হিমশিম খায়নি। সরকার সর্বোচ্চ চেষ্টা করে জনগণকে সঙ্গে নিয়ে সংকট মোকাবেলা করে চলেছে। সাম্প্রতিক করোনা পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দ্রুততার সঙ্গে তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। মন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনার সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।

কোরবানির পশুর হাট নিয়ে সেতুমন্ত্রী বলেন, আসন্ন কোরবানির ঈদে পশুর হাট এবং মানুষের ঈদযাত্রা করোনা সংক্রমণের মাত্রাকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে– বিশেষজ্ঞদের এমন আশঙ্কায় করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কয়েকটি জেলায় পশুর হাট না বসানোর পরামর্শ দিয়েছে। বিদ্যমান এ পরিস্থিতিতে এ পরামর্শ খুবই ব্যবহারিক এবং বাস্তবায়ন সম্ভব হলে ভালো ফল বয়ে আনবে নিঃসন্দেহে। তিনি বলেন. যত্রতত্র পশুর হাট বসানো যাবে না, সড়ক-মহাসড়কের ওপর কিংবা পাশে অনুমতি দেয়া যাবে না। কেনাবেচায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরো খবর