রাজশাহীতে ৩৯টি খোলা পরিত্যক্ত বোরহোল, জননিরাপত্তায় মারাত্মক ঝুঁকি

বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ৩৯টি খোলা পরিত্যক্ত বোরহোল, জননিরাপত্তায় মারাত্মক ঝুঁকি

 রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত টেস্ট বোরহোলে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর জেলায় আরও ৩৯টি খোলা ও পরিত্যক্ত বোরহোল শনাক্ত হয়েছে। জেলা প্রশাসন এসব বোরহোলকে জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় রাজশাহী বিভাগীয় প্রশাসনের নির্দেশে বিভাগের আট জেলার জেলা প্রশাসকদের কাছ থেকে স্থাপিত ও পরিত্যক্ত গভীর নলকূপ ও টেস্ট বোরহোলের তথ্য সংগ্রহ করা হয়। সম্প্রতি প্রাপ্ত ওই প্রতিবেদনের ভিত্তিতেই রাজশাহীতে এসব ঝুঁকিপূর্ণ বোরহোলের অস্তিত্ব পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, রাজশাহী বিভাগে মোট ৬৭টি উপজেলায় ৫৬৬টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৪৩৫টি ইউনিয়ন গভীর নলকূপের আওতায়। এসব এলাকায় মোট ১১ হাজার ৩৭১টি গভীর নলকূপ রয়েছে। জেলাভিত্তিক হিসাবে রাজশাহীতে ৬১৭টি, নাটোরে ৩১৩টি, নওগাঁয় ৪ হাজার ৬৩৪টি, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৬১২টি, পাবনায় ২১৫টি, সিরাজগঞ্জে ৬২৩টি, বগুড়ায় ২ হাজার ৪৬৯টি এবং জয়পুরহাটে ৮৮৫টি গভীর নলকূপ রয়েছে।
এই আট জেলার মধ্যে কেবল রাজশাহী জেলাতেই ৩৯টি খোলা ও পরিত্যক্ত বোরহোলের তথ্য পাওয়া গেছে। অন্য জেলাগুলোতে এ ধরনের ঝুঁকিপূর্ণ বোরহোল শনাক্ত হয়নি।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত টেস্ট বোরহোলে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যু হয়। ঘটনার পরপরই বিভাগীয় প্রশাসন তদন্ত ও বিস্তারিত প্রতিবেদন তলব করে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেচের পানির সন্ধানে গত বছর বেসরকারিভাবে একাধিক টেস্ট বোরহোল খনন করা হয়। কিন্তু পানি না পাওয়ায় সেগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া হয়। অনেক বোরহোল মাটি ও খড় দিয়ে ঢেকে রাখা হলেও বাইরে থেকে সেগুলোর অবস্থান বোঝা যায় না, যা শিশু ও পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
প্রশাসনের তথ্যমতে, শনাক্ত ৩৯টি বোরহোলের বেশিরভাগই বসতবাড়ি এলাকায় অবস্থিত। কিছু বোরহোল রয়েছে কৃষিজমিতে এবং যাতায়াতের পথের পাশে। সেচ ও ভূগর্ভস্থ পানির পরীক্ষা কাজে খনন করা এসব বোরহোল পরবর্তীতে নিরাপদভাবে সিল করা হয়নি।
রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার জানান, সব খোলা বোরহোল দ্রুত সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন জানিয়েছে, শনাক্ত সব পরিত্যক্ত বোরহোল ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কঠোর নজরদারি অব্যাহত রাখা হবে।

এই বিভাগের আরো খবর