জামায়াতের প্রচারণায় বাধা ও সংঘ/র্ষের অভিযোগ

রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

 জামায়াতের প্রচারণায় বাধা ও সংঘ/র্ষের অভিযোগ

পাবনার সুজানগর উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও নারী কর্মীদের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। পৃথক ঘটনায় নারী কর্মীসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর মাঝপাড়া, পৌর এলাকার চর সুজানগর এবং আহমদপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতদের মধ্যে রয়েছেন—উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইনামুল হক এবং নারী কর্মী মার্জিয়া খাতুন ও ফিরোজা বেগম।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুর মাঝপাড়ায় জামায়াতের নেতাকর্মীরা প্রচারণার উদ্দেশ্যে একটি বাড়িতে গেলে সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে নারী কর্মীসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে আশপাশের এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এছাড়া চর সুজানগর এলাকায় জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে আহমদপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় একটি ছাত্রসংগঠনের কয়েকজন কর্মীর প্রচারণা চলাকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন, “সুজানগরে পৃথক কয়েকটি ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে পাবনা-2 আসনের বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব বলেন, ঘটনাগুলো কীভাবে ঘটেছে তা খোঁজ নেওয়া হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

 

এই বিভাগের আরো খবর