বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে ফাহিম আহমেদ কামরান (৩৪) নামক এক যুবককে মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার কামারগ্রাম নুরানী মাদ্রাসা এলাকায় আমীর আলীর দোকানের সামনে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী কামরান ঐ গ্রামের মৃত রকিত আলী শেখের ছেলে।
ভুক্তভোগীর পরিবার জানায়, রাত সাড়ে নয়টার দিকে এলাকার আসলামের মুদি দোকানের সামনে মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তার পাশে প্রস্রাব করতে বসে কামরান, এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শফিক শেখ, রহমত শেখ, মিজার শেখ, রুহুল শেখ, জমির, নাসিম, রফিক, রিয়াজ, নাইম, জিসান, মেহেদী, জসিম, ওয়াসিম, মিসবাহ, নাসির শেখ সহ কয়েকজন পেছন থেকে কামরানের মাথায় কোপ দেয়। কামরান মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তার হাত-পা ধরে টেনে হিঁচড়ে নুর আলম শেখের বাড়িতে ভেতর নিয়ে যায়। সেখানে তাকে মাটিতে ফেলে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করে পরিবার। একপর্যায়ে কামরানকে মৃত ভেবে তারা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম তাকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জেরে কামরানের উপর এ হামলার ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে শফিক নামের এক যুবককের ওপর হামলার ঘটনায় যুক্ত থাকার দায়ে এ পাল্টা প্রতিশোধ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, আহত কামরান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, ভুক্তভোগীর পরিবারকে থানায় এসে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।