চাঁদাবাজ-দখলবাজদের প্রতি কঠোর হুঁশিয়ারি মিনুর

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজ-দখলবাজদের প্রতি কঠোর হুঁশিয়ারি মিনুর

চাঁদাবাজ ও দখলবাজদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, “আমি এখানে জন্ম নিয়েছি। এলাকায় কারা কী করে, সবই জানি। প্রত্যেক অপরাধীকে কঠোরভাবে দমন করা হবে।”

শুক্রবার রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) দরগা মসজিদে জুমার নামাজ আদায়ের পর সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, “যারা জাতির শত্রু, ভূমিদস্যু, চাঁদাবাজ বা জনগণের ওপর জুলুম করবে- সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। গত ১৭ বছর এবং দেড় বছরে যারা বিভিন্ন জায়গা-জমি দখল করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “রাজশাহীকে শান্তির শহর হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তারা সবাই আমার ভাই। সবাইকে সঙ্গে নিয়েই আমরা রাজশাহীকে এগিয়ে নিতে চাই।”

মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সহসভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরো খবর