বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির সমর্থকদের হামলায় নিহত ওসমান সরদারের (২৯) দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর বিষ্ণুপুর ইউনিয়নের পারনওয়াপাড়া গ্রামে নিহতের গ্রামের বাড়ির উঠানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পারনওয়াপাড়া ও কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত ওসমান সরদার চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সেখানে ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে পারনওয়াপাড়া গ্রামের বাড়িতে আনা হয় ওসমান সরদারের মরদেহ।
এদিকে সংঘর্ষের দুদিন পার হলেও রোববার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এমনকি জড়িত কাউকে আটকও করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে হত্যায় জড়িতদের ‘শনাক্ত’ করা হয়েছে জানিয়ে তাদের ধরতে অভিযান চলছে বলে জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন।