প্রথম দিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছেন ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, “আজ মন্ত্রণালয়ে প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আমার আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি।”
ফারজানা শারমিন নাটোর-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা। তার বাবা ১৯৯১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রী, ১৯৯৩ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি চারবার এমপি নির্বাচিত হয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন এবং ২০১৬ সালের ১১ অগাস্ট প্রয়াত হন।
ফজলুর রহমান পটলের সেই আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফারজানা শারমিন ১ লাখ ২ হাজার ১৯৭ ভোটে জয়ী হন। প্রথমবার এমপি হতেই তিনি সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান, যেখানে একসময় তার বাবা অফিস করেছেন। নতুন সরকারে অন্তত সাতজন প্রতিমন্ত্রী বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন।