পাবনার সাঁথিয়া উপজেলায় টাকার লেনদেন নিয়ে পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবদুল গফুর (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারজনকে আটক করেছে।
নিহত আবদুল গফুর খয়েরবাড়িয়া গ্রামের মৃত জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বুধবার গফুরের ছেলে আলমের সঙ্গে একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিনের (৪৫) টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়।
আলমের অভিযোগ, আগের নেওয়া ধার পরিশোধ না করেই আবার টাকা দাবি করায় উত্তেজনা তৈরি হয়।
এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ময়েন উদ্দিন কয়েকজনকে সঙ্গে নিয়ে আলমের বাড়িতে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবদুল গফুর, মানিক হোসেন (৪৩), ময়েন উদ্দিন ও ময়ূরী খাতুনসহ (৩৪) কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল গফুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মানিক হোসেনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ ময়েন উদ্দিন, তার স্ত্রী রেশমা খাতুন (৩৪), মানিক হোসেন ও সজিব হোসেনকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ছেলে আলম দাবি করেন, পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করেই তাদের বাড়িতে হামলা চালানো হয় এবং মারধরের কারণেই তার বাবার মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।