ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ -এর একটি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন বাংলাদেশ যুবলীগ ও বর্তমানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ -এর নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৭টার দিকে শহরের চকবাজার মোড়সংলগ্ন থানা রোডের পৌর মার্কেট ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি থাকা তিনটি স্ট্যান্ডের মাঝের দুটিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
অনুষ্ঠানে ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাওসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দেবাশীষ নয়ন বলেন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবর রহমান (নিক্সন চৌধুরী) -এর নির্দেশনায় এবং আসিবুর রহমান ও কাওসার আকন্দের নেতৃত্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে থানা রোডের কার্যালয়টি আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। ২০২২ সালে শহরের আলীপুর মহল্লার হাসিবুল হাসান সড়কে জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এরপর থানা রোডের কার্যালয়টি শহর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের সময় হাসিবুল হাসান সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ওই স্থানে সরকারি উদ্যোগে ‘জুলাই স্মৃতি স্মারক’ নির্মাণ করা হয়েছে।