রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, আহত ৩০

সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র হবিগঞ্জ, আহত ৩০

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে গরুর ঘাস খাওয়া নিয়ে একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়া এবং মৃত আলী হায়দর মিয়ার ছেলে জালাল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য নজু মিয়া বলেন, “সংঘর্ষের মূল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শুনেছি, গরুর ঘাস খাওয়া নিয়ে কথা কাটাকাটির সময় লিটন মিয়া জালাল মিয়ার গরু জবাই করে খেয়ে ফেলার হুমকি দেন। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।”

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, গ্রামটি দুর্গম এলাকায় অবস্থিত। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর