কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে শুকুর আলী নামে এক চা বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে একই দিন বিকেলে বারোমাইল বালুর ঘাটে বালু ব্যবসায়ী সিন্ডিকেটের একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে প্রায় পাঁচজন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে বিএনপি নেতা ডাবলুর অফিসের দিকে আসে। তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জল স্বর্ণকারকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা অফিস লক্ষ্য করে ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় পাশের একটি চায়ের দোকানে বসে থাকা শুকুর আলীর গলায় গুলি লাগে। পাশাপাশি অফিস-সংলগ্ন আরেকটি দোকানের কয়েকটি অ্যাকুরিয়াম ভেঙে যায়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ শুকুর আলীর গলায় ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি আমার চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ একটি ছোট গুলি এসে আমার গলায় লাগে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়েছি, এখন কিছুটা সুস্থ আছি।’ তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং হামলাকারীদের কাউকে চিনতে পারেননি।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, ‘আমার অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ও বোমা নিক্ষেপ করেছে। এতে পাশের চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।’
স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন জানান, শনিবার দিনভর বালুঘাট কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরের পর বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়া এলাকার বালুঘাটে এক পক্ষ অন্য পক্ষের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় একটি পেলোডারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তার মতে, রাতের হামলাটি বিকেলের ঘটনার প্রতিশোধমূলক হতে পারে।
ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দক্ষিণ রেলগেট এলাকায় গুলি ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।