সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং আক্তার হোসেনের ছেলে ফয়সাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই যুবক ঘাটিনা এলাকার শিমুল ফুলের বাগান দেখতে এবং ছবি তুলতে রেলব্রিজে ওঠেন। সেই সময় হঠাৎ একটি ট্রেন এসে পড়লে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লাপাড়া মডেল থানার এসআই মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”