রাসিকের ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রামে ফগার মেশিনে মশা নিধন শুরু

বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাসিকের ১৫ দিনের ক্র্যাশ প্রোগ্রামে ফগার মেশিনে মশা নিধন শুরু

মশা নিয়ন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর উদ্যোগে মহানগরজুড়ে ১৫ দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টায় মহানগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের স্প্রে প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন

জানা গেছে, প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা থেকে একবেলা-মোট ১০টি ওয়ার্ডে (২ সাইকেল) চক্রাকারে ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নের দায়িত্ব তিনি পেয়েছেন। প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে জানান। একই সঙ্গে রাজশাহীকে আরও উন্নত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। এর অংশ হিসেবে পাইলট প্রকল্প আকারে ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল পুনঃখনন কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাসিক প্রশাসক জানান, দীর্ঘদিন ধরে নগরীতে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে শুরু হওয়া এই ১৫ দিনের কর্মসূচি পবিত্র রমজান মাসে শুধুমাত্র সকালবেলায় পরিচালিত হবে। ভবিষ্যতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখা হবে। পাশাপাশি বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম দ্রুত শুরু করা হবে এবং রাজশাহীতে হাইটেক পার্কের কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা (মশক) জুবায়ের হোসেন মুন, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক মো ফাইজুল হক ফাহী, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মো নাসিম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রুমন শরীফ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো ডাব্লু এবং ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর