বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, স্বাধীনতা যুদ্ধ নিয়ে এখনো একটি অপশক্তি নানা ধরনের সমালোচনা ও বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন মুক্তিযুদ্ধ নিয়ে নেতিবাচক মন্তব্য করছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী টুকু বলেন, “এসব সমালোচনাকারীরা প্রকৃত অর্থে বাংলাদেশকে মনে-প্রাণে বিশ্বাস করে না। তাদের স্বীকার করতে হবে, এ দেশে একটি স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং লাখো মানুষ রক্ত দিয়ে এই দেশ অর্জন করেছে। স্বাধীনতা দিবস আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক।”তিনি আরও বলেন, “কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। নিজের অধিকার, নিজস্ব পতাকা এবং মাটির জন্য সংগ্রাম করেই এই দেশ অর্জিত হয়েছে। স্বাধীনতা ছিল বাঙালি জাতির দীর্ঘদিনের স্বপ্নের ফসল।”
বিগত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, “গত ১৭ বছর একটি নির্দিষ্ট দল মুক্তিযুদ্ধের একক মালিকানা দাবি করে দেশ শাসন করেছে। তারা মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের যুদ্ধ- এটি সমগ্র জাতির।”
অনুষ্ঠান শেষে মন্ত্রী শহরের পদ্ম পুকুর ও কদম ফোয়ারার সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।