‘তেল নেই’ সাইনবোর্ড, ভেতরে ৯৭৮৩ লিটার মজুত

সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘তেল নেই’ সাইনবোর্ড, ভেতরে ৯৭৮৩ লিটার মজুত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে গ্রাহকদের জ্বালানি না দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন সরকারি নির্দেশনা উপেক্ষা করে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখে ‘তেল নেই’ সাইনবোর্ড প্রদর্শন করে। তবে অভিযান চালিয়ে সেখানে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি মজুত পাওয়া যায়।

তল্লাশিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেনসহ মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি মজুতের প্রমাণ মেলে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অনিয়মে জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর