৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল প্রায় ৮ ঘণ্টা বন্ধ ছিল। পরে রোববার সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় আবারও ফেরি চলাচল শুরু করছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে শনিবার রাত ১২টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। রোববার সকালে ফেরি চলাচলের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। এতে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুইপাশে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত-শত যানবাহন আটকে পড়ে। পরে কুয়াশা কিছুটা কেটে গেলে রোববার সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৭ টা ৩০ মিনিট থেকে আবারও ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরো খবর