আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ-১ আসনে (নিয়ামতপুর–সাপাহার–পোরশা) নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম। এই আসনে চারজন দলীয় ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয় নিশ্চিত করতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা মাঠে জোর প্রচার চালাচ্ছেন।
নওগাঁ-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— ধানের শীষ প্রতীক নিয়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দাড়িপাল্লা প্রতীক নিয়ে নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি (এ) উপজেলা কমিটির সভাপতি আকবর আলী কালু এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সদ্য বহিস্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী।
ইতোমধ্যে প্রার্থীদের নেতাকর্মীরা ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন টাঙানো, প্রতীকসংবলিত লিফলেট বিতরণ ও মাইকিংয়ের পাশাপাশি চলছে গণসংযোগ ও পথসভা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী করবেন, সে বিষয়ে বক্তব্য তুলে ধরছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, এ আসনে মূল লড়াই হবে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের মধ্যে। তবে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাও দেখছেন অনেকে।
বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন, অতীতে উন্নয়ন কর্মকাণ্ডের কারণে এবারও তারা আসনটি ধরে রাখতে পারবেন। পোরশা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক তৌফিকুর রহমান চৌধুরী ও সদস্য সচিব সাদেকুল ইসলাম জানান, অতীতের সব ভেদাভেদ ভুলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
অন্যদিকে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের পক্ষে দলীয় নেতাকর্মীরা আশাবাদী। উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম বলেন, জনগণের রায় তাদের পক্ষেই যাবে বলে তারা বিশ্বাস করেন।
এ ছাড়া তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হলেও এবার আসনটি পুনরুদ্ধারের আশায় তার সমর্থকরাও জোর প্রচার চালাচ্ছেন। ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরাও ভোটারদের সমর্থন আদায়ে মাঠ চষে বেড়াচ্ছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, নওগাঁ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। এর মধ্যে পোস্টাল ভোটার ৩ হাজার ৪২ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৬৬টি।