ব্যানার-ফেস্টুন ছেঁড়া ও কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামী পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের উত্তর পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা আমির ডা. আবু ওবায়দা, নজিপুর পৌর আমির মোফাসসেল হকসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়া হারুন অর রশিদ, শামিম চৌধুরী ও মারুফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
আয়োজকরা জানান, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং দলীয় কর্মী-সমর্থকদের চিরকুট দিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়।