আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার বড় ধরনের পরিকল্পনা নসাৎ করে দিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বাহিনীটি।
র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় অভিযান চালায়। জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতে মেহগনি গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক পাওয়া যায়।
র্যাবের দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে:৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ গুঁড়া পদার্থ (৩টি প্যাকেটে মোড়ানো)।১.৭০০ কেজি ছোট পাথর ও ১.৪০০ কেজি কাঁচের গুঁড়া।৩৮৫ গ্রাম লোহার পেরেক ও ১২টি লাল কসটেপ।২৯টি গ্যাস লাইটার ও ১টি জর্দার কৌটা।১টি বাটন মোবাইল ফোন (মডেল: K155 KECHAGDA)।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব ধারণা করছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় অশান্তি সৃষ্টি ও বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এই বিস্ফোরকগুলো মজুত করেছিল। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।