বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুরে এক বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নতুন শহরের লক্ষ্মীগঞ্জ এলাকায় নদীর ওপারে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিক দলের সভাপতি শাকিল হত্যা মামলার আসামি মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হাওলাদার দীর্ঘদিন পলাতক ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এলাকায় আসেন তিনি ও তার সমর্থকরা। অভিযোগ রয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে তারা লক্ষ্মীগঞ্জ এলাকায় বিএনপির সাবেক নেতা লাভলু হাওলাদারের বাড়িতে হামলা চালান এবং তাকে হত্যার উদ্দেশ্যে বাড়ির আশপাশে অর্ধশতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটান।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ হামলার নির্দেশ দিয়েছেন আক্তার হাওলাদার। তবে অভিযুক্ত পক্ষের ঘনিষ্ঠজনরা অভিযোগ অস্বীকার করেছেন।

লাভলু হাওলাদার বলেন, “হঠাৎ করে সন্ত্রাসীরা এসে আমার বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ করে। পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।”

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

এই বিভাগের আরো খবর