অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট ও গণনায় কারচুপির অভিযোগ তুলে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে পুনঃভোটের দাবি জানিয়েছেন ১১দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো. আব্দুর রহিম সরকার।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের দারুল আমান ট্রাস্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তার অভিযোগ, নির্বাচনের দিন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের বের করে দেয়। ভোটারদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকে সিল দেয়। ফলাফল গণনাকালে দাঁড়িপাল্লা প্রতীকের ১২০টি ব্যালটকে ১০০টির বান্ডেল হিসেবে দেখানো হয়েছে। ধানের শীষ প্রতীকের ৮০টি ব্যালটকে ১০০টির বান্ডেল হিসেবে গণনা করা হয়েছে। এমনকি ধানের শীষের ভেতর দাঁড়িপাল্লার ব্যালট ঢুকিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে।
একটি কেন্দ্রে প্রকৃত ভোট ছিল ১ হাজার ৮০০, সেখানে ২ হাজার ৮০০ ভোট দেখানো হয়েছে। অথচ দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট স্বাক্ষর করেননি।
ফলাফল প্রক্রিয়ায় সুস্পষ্ট কারচুপি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি আরও বলেন, এটি শুধু অনিয়ম নয়, সরাসরি ভোট ডাকাতি। অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক প্রিজাইডিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।
সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলার নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজেদুর রহমান (গাইবান্ধা-১), আব্দুল করিম (গাইবান্ধা-২), মাওলানা মো. নজরুল ইসলাম লেবু (গাইবান্ধা-৩) ও আব্দুল ওয়ারেছ (গাইবান্ধা-৫) সহ জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।