রাজশাহীর দুর্গাপুরে বিএনপির কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান মেহেদীসহ ৩ জন শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা প্রগতি ক্লাব চত্বরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপির কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান মেহেদী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুশফিকুর রহমান মেহেদী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট কতিপয় নামধারী কিছু ব্যক্তিদের দিয়ে স্থানীয় আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে স্থানীয় সম্মানিত শিক্ষকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং সামাজিক মাধ্যমে আপলোড করছেন। এতে করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন।
তিনি আরও বলেন, “আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। প্রথমে ছাত্রদল, পরে বিএনপির সঙ্গে আছি। কিন্তু আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি আমার বিরুদ্ধে এর আগেও মানহানিকর মিথ্যা অপপ্রচার চালিয়েছে। সে আমার বিরুদ্ধে একটি পুকুর খনন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পানবরজে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগ তুলেছে।”
তিনি আরও বলেন, “এই কথিত আলামিন হক বিজয়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গভীর সংপৃক্ততা ছিলো। বিজয় আমাকে ও শিক্ষক সালাউদ্দিন, হেনা কবির, আকবর আলী সহ অনেক শিক্ষকের নাম জড়িয়ে মিথ্যাচার ও আমাদের কাছে থেকে চাঁদাবাজি দাবি করে। চাঁদার অর্থ না পেয়ে তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছেন।”
মেহেদী দাবি করেন, “আওয়ামী লীগ সরকারের শাসনামলে আলামিন সুবিধাভোগী ছিলো। তাই যাদের পানবরজ পুড়েছে, তাদের প্রভাবিত করে আমার বিরুদ্ধে ভিডিও বক্তব্য তুলে সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। যারা এসব সংবাদ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছে ।”
এ বিষয়ে অভিযুক্ত আলামিন হক বিজয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বিষয়টি নিয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক, আকবর আলী, কোষাধ্যক্ষ খোরশেদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোবারক আলী মাস্টার, ইউনিয়ন কৃষকদলের নেতা জিলহজ্ব, ওয়ার্ড সভাপতি সোহেল রানাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।