রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না- সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডির বার্ষিক সাধারণ সভা ও সেরা রিপোর্টার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নির্বাচন কমিশনের কাজ আইন করা নয়, নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করাই ইসির লক্ষ্য। মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান এখনো রয়েছে। তবে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে এটি বাদ দিয়েছে। সংসদ শুরু হওয়ার পর বিষয়টি সুরাহা হবে। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে।”
তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। তবে ভালো কাজের শেষ নেই।”
নির্বাচনে ঘাটতি চিহ্নিত করে তা পূরণে কমিশন কাজ করছে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, “শিগগিরই সিটি নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা আশাবাদী।”