পাবনায় চায়ের দোকানে বসা দুই দিনমজুরকে গুলি

শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় চায়ের দোকানে বসা দুই দিনমজুরকে গুলি

পাবনার চাটমোহরে চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই দিনমজুর গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকায় লালনের মোড়ের কাছে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) এবং মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। তারা দুজনই পেশায় দিনমজুর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে, ইফতারি শেষ করে লালনের মোড় এলাকায় রাজ্জাকের চা স্টলে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম ও সাজেদুল। সেই সময় অজ্ঞাত তিন দুর্বৃত্ত মুখোশ পরে এসে কয়েক রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলির আঘাতে সাজেদুলের হাতে ও নাঈমের তলপেটে গুলি লাগে, ফলে তারা মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মূমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক বলেন, “গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।”

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন নিশ্চিত করেছেন, “আহতদের রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে এবং ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এই হামলা ঘটেছে।”

এই বিভাগের আরো খবর