রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে জড়িতদের মধ্যে এক পক্ষ নগরীর হোসনিগঞ্জ বেতপট্টি এলাকার জামায়াত নেতা আলহাজ্ব মো. মমিনুল ইসলাম মোনার সমর্থক। অপর পক্ষ দরগাপাড়া এলাকার রাশেদুল হাসান পারভেজ সমর্থকরা। পারভেজ ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
সূত্র আরও জানায়, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে- এমন বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যায়। খবর পেয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়।