নিজস্ব প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচণ্ডী (থাডারপাড়া) এলাকায় মাদকাসক্ত ছেলের ধারালো বটির কোপে মা ও ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী ছেলেও আহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোসাঃ মনোয়ারা টুলু এবং তার ছেলে মোঃ মৃদুল (২৫)। হামলাকারী মুন্না (৩২) তাদের ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে জানা গেছে।
ঘটনার পর চন্দ্রিমা থানা পুলিশ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ২৫ মিনিটের দিকে মুন্না ও মৃদুলকে ৮ নম্বর ওয়ার্ডে এবং তাদের মা মনোয়ারা টুলুকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন।
বর্তমানে মা, ছেলে ও হামলাকারী মুন্না তিনজনই রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না নেশাগ্রস্ত ছিলেন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।