সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লকডাউনের নামে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে রাজশাহীর বানেশ্বরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, লকডাউনের নামে দেশব্যাপী কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। পুঠিয়ার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে ও কঠোর হাতে প্রতিহত করা হবে। বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, বানেশ্বর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বাশার, পুঠিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম,বানেশ্বর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জালাল উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাবুর রহমান, ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রজব আলী, সাবেক ছাত্র নেতা আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।