দিল্লির শাসন কিংবা ভয় দেখিয়ে কোনো লাভ নেই’ মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না।
শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, যারা দিল্লির ইশারায় বাংলাদেশে রাজনীতি করতে চায়, তাদের এ দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। ‘বাংলাদেশ আল্লাহর জমিন; দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর’—মন্তব্য করে তিনি বলেন, যাদের হেডকোয়ার্টার দিল্লিতে, তাদের দিল্লিতেই চলে যাওয়া উচিত।
মওদুদী প্রসঙ্গে তিনি বলেন, মওদুদীকে ব্রিটিশদের তৈরি ও ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে মুসলমানদের বিভক্ত করার জন্য তাকে তৈরি করা হয়েছিল বলে তিনি মনে করেন। বাংলার মাটিতে তার কোনো স্থান হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে ভূমিমন্ত্রী বলেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকে ক্ষতি করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান। ১৯৯১ সালের নির্বাচনে ধানের শীষের ভোট চুরির অভিযোগ তুলে তিনি বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসার কারণে আগামীতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশা করেন। আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বসে আছেন, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ ও ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে। জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা জনগণের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মিজানুর রহমান মিনু। জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
ওলামা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ওলামা দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আবেদ হাসান মুন্না, সদস্য সচিব হাফেজ ফরহাদুল ইসলাম পরাগ, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ ওলামা দল রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।