এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, আমরা যদি জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করতে না পারি তাহলে জনগণের অধিকার নিশ্চিত করতে পারবো না।
বাংলাদেশে বিদ্যমান সমাজব্যবস্থায় গণতান্ত্রিক জবাবদিহির কাঠামো খুবই দুর্বল—এমন মন্তব্য করে তিনি বলেন, আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহির কাঠামোটা খুব দুর্বল। যারা জনগণের ভোটে সংসদে যাচ্ছেন তারা কিন্তু দলের বিরুদ্ধে ভোট দিলে আর এমপি থাকতে পারছেন না। অর্থাৎ জনগণের ভোটে তারা সংসদে যাচ্ছেন, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার উপায়টা তাদের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ করা আছে।
ডা. জারা বলেন, তাহলে কি তারা (এমপিরা) ক্যাবিনেটকে জবাবদিহি করবে? সংবিধানে আছে, ক্যাবিনেটকে জবাবদিহি করবে পার্লামেন্ট। কিন্তু পার্লামেন্টের আবার হাত-পা বাঁধা। কারণ, তারা দলের বিরুদ্ধে ভোট দিতে পারছেন না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সংলাপে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এ সংলাপ আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক ফ্ল্যাটফর্ম, বাংলাদেশ।