নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি

মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ফলাফল প্রকাশ নিয়ে নানা গুঞ্জন থাকলেও নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের পর তিন দিন অপেক্ষা করতে হবে না-পরদিন শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও কমিশনের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, নির্বাচন ঘিরে যে শঙ্কা ছিল, তা সবার সহযোগিতায় অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। কমিশন আশা করছে, নির্ধারিত দিনে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফল ঘোষণা বিলম্বিত হতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কোনোভাবেই তিন দিন লাগবে না। আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহারের কারণে দ্রুত ফল সংগ্রহ করা যাবে। তবে দুর্গম এলাকার কিছু কেন্দ্রে সামান্য দেরি হতে পারে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, নির্বাচন উপলক্ষে সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সমন্বিতভাবে কাজ করবে সংশ্লিষ্ট বাহিনী। রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে ও কমিশনের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন পরিচালিত হবে।

নির্বাচনের দিন মনিটরিং ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ কাজ করবে বলেও জানান নির্বাচন কমিশনার।

 

এই বিভাগের আরো খবর