ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাকে পিটিয়ে হ*ত্যা

, ,

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাকে পিটিয়ে হ*ত্যা




নিজস্ব প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত বাবা-ছেলেকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে আক্কাস খানের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যেও বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার বিকেলে বাড়ির সামনের সড়কে জসিমকে একা পেয়ে সজল খান, তাঁর বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন হামলা চালান।
এ সময় জসিমের চিৎকার শুনে তাঁর বাবা আক্কাস খান ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা বাবা-ছেলে দুজনকেই কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জসিম বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আক্কাস খানের মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।
এদিকে, সোমবার (১০ আগস্ট) সকালে নলছিটি থানা পুলিশ আক্কাস খানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
<span;>নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর