নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওক্লিপ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ভিডিওতে এক ব্যক্তিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে এবং জুলাই আন্দোলনকে অস্বীকার করে বক্তব্য দিতে শোনা যায়।
ভিডিওতে বলতে শোনা যায়, ‘ষড়যন্ত্র করে জঙ্গিবাদীরা আমার নেত্রীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা এই জুলাই মানি না, কখনও মানবো না। শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসবো।’
এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের কর্মকর্তারা।
<span;>পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।