নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল পিকআপ ; নি/হত ৪
নিজস্ব প্রতিনিধি :
রাঙামাটিতে একটি যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। আহতরা হলেন পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫)। তারা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে।
নিহত মেঘরানী চাকমা ও শোভা চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায়। শান্তনা চাকমা রাঙামাটি শহরের আমানতবাগ এবং শান্তি রঞ্জন চাকমা বিজয়নগর এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে রোববার সকাল ৯টার দিকে রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান জেনারেল হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
রাঙামাটি কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।