৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, “১৯৭১ সালে পরাজিত শক্তি জামায়াত ইসলাম আজও দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপিই প্রকৃত অর্থে ইসলামপ্রিয় ও ইসলাম অনুরাগী রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রতিষ্ঠা করেছেন।

শাহজাহান মিঞা উল্লেখ করেন, জামায়াত ইসলাম কোনো সত্যিকার ইসলামী দল নয়; তারা ইসলামের নাম ব্যবহার করে ধর্মকেই বিকৃত করছে। তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়। তবে “মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে আছি, ততদিন তাদের অপচেষ্টা সফল হতে দেব না।” তিনি জনগণকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পথসভায় বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এই বিভাগের আরো খবর