রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী–তাানোর) আসনের ধানের শীষ প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আয়োজিত এই সভায় তিনি আহত যোদ্ধাদের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, “জুলাই যোদ্ধারা কোনো সাধারণ ব্যক্তি নন, তারা একটি আদর্শ। তারা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক। আপনাদের ত্যাগ বৃথা যাবে না। দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আপনাদের রক্তের ঋণ লেখা থাকবে।”
সভায় তিনি আহত যোদ্ধাদের চিকিৎসা, পারিবারিক অবস্থার স্বচ্ছতা এবং ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দৃঢ়ভাবে আশ্বাস দেন, আগামী দিনের রাজনীতিতে ক্ষমতার দাপট নয়, মানুষই হবে কেন্দ্রবিন্দু। অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে তার রাজনীতির মূলনীতি।
সাবেক সেনাসদস্য এই পথচলায় উল্লেখ করেন, সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষার মতোই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তার জন্য গুরুত্বপূর্ণ। যতদিন মানুষের ভোটে ন্যায়ের, গণতন্ত্র ও মর্যাদা ফিরে না আসবে, ততদিন তার পথচলা থামবে না।
উক্ত সভায় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন, “ধানের শীষে ঐক্য, ধানের শীষে আশা, ধানের শীষেই মুক্তির ঠিকানা।” গোদাগাড়ী-তানোরের সাধারণ মানুষ এবং আন্দোলনকারী যোদ্ধারা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।