মীর তোফায়েল হোসেন
রাজশাহী।
মাদকের ভয়াল ছোবলে যখন বিপথে যাচ্ছে দেশের একাংশের তরুণ সমাজ, ঠিক তখনই নতুন করে উদ্বেগ তৈরি করেছে অনলাইন জুয়ার বিস্তার। মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় ঘরে বসেই বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে জুয়ায় জড়িয়ে পড়ছেন তরুণ-যুবকরা।
শুরুতে অল্প টাকার বাজি দিয়ে খেললেও ধীরে ধীরে বাড়তে থাকে আসক্তি। একপর্যায়ে হারানো টাকা ফিরে পাওয়ার আশায় ধারদেনা করে কিংবা পরিবারের অর্থ গোপনে ব্যবহার করেও অনলাইন জুয়ায় টাকা ঢালছেন অনেকে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি পারিবারিক অশান্তি ও সামাজিক অপরাধও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়ার সহজ প্রবেশাধিকার এবং দ্রুত লাভের প্রলোভন তরুণদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার প্রচারণাও তরুণদের এদিকে ঠেলে দিচ্ছে।

মনোবিজ্ঞানীদের মতে, অনলাইন জুয়া কেবল আর্থিক ক্ষতিই ডেকে আনছে না, বরং এটি যুবসমাজকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। আসক্ত হয়ে পড়ার কারণে তরুণরা পড়ালেখায় মনোযোগ হারাচ্ছে, অনেকেই জড়িয়ে পড়ছে অপরাধমূলক কর্মকাণ্ডে। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে পারিবারিক কলহ, চুরি এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটে চলেছে। একসময় যে তরুণরা দেশের অর্থনীতি ও অগ্রগতির চালিকাশক্তি ছিল, তারা আজ সর্বস্বান্ত।
অভিভাবকরা বলছেন, মাদকের মতোই অনলাইন জুয়াও ধীরে ধীরে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হতে পারে। তাই তরুণদের সচেতন করার পাশাপাশি অনলাইন জুয়ার প্রচারণা ও অবৈধ প্ল্যাটফর্মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষার লড়াইয়ের মধ্যেই অনলাইন জুয়ার এই বিস্তার নতুন শঙ্কা তৈরি করেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এর সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি আরও ভয়াবহ হতে পারে।