শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গাংপাড় গ্রামে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হারুন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শিশুটির মা হাসনা বেগমের অভিযোগ, হারুন মিয়া গত এক মাস ধরে স্কুলে যাওয়া-আসার পথে তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানার পর তাকে সতর্কও করা হয়।
অভিযোগ রয়েছে, গত ১৯ আগস্ট সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে হারুন মিয়া ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
ভুক্তভোগীর মা জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাছরিন আক্তার জানান, “আমরা অভিযোগ পেয়েছি। প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত করা হবে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।