গলায় অ/স্ত্র ধরে সংসদ সদস্যের বাড়ি ও সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ

, ,

গলায় অ/স্ত্র ধরে সংসদ সদস্যের বাড়ি ও সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ




নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় ধারালো দা ধরে বাড়িসহ সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় নাছির উদ্দিন চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

সোমবার (১০ আগস্ট) দিরাই আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় নাছির উদ্দিন চৌধুরীর সৎ ছোট ভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীসহ আটজনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন—দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের মৃত নাজমুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁও গ্রামের আব্দুন নুর মিয়ার ছেলে ছয়ফুল চৌধুরী, তল বাউসী গ্রামের দলিল লেখক মুজিবুর রহমান, কলিয়ার কাপনের নাজমুল ইসলামের ছেলে তাজুল ইসলাম এবং দিরাইয়ের নুরুল ইসলামের মেয়ে মোহরার মমতাজ বেগম।
মামলার অভিযোগে বলা হয়, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম নাছির উদ্দিন চৌধুরীকে গলায় ধারালো দা ধরে বাড়িসহ সম্পত্তির দলিলে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব-রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারীকে অফিসার পরিচয়ে নাছির চৌধুরীর কাছে নিয়ে যাওয়া হয়। অসুস্থ ও মানসিকভাবে অসুস্থ অবস্থায় থাকা নাছির চৌধুরী দলিলে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে আসামিরা তার গলায় দা ধরে ভয় দেখান। স্বাক্ষর না করলে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ সময় নাছির চৌধুরীর অপর স্ত্রী শেলী চৌধুরী বাধা দিতে গেলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে দিরাই আদালতের বিচারক মো. জসিম তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে নাছির চৌধুরীর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী (মাসুক) বলেন, দলিল রেজিস্ট্রি করেন সাব-রেজিস্ট্রার। মামলা কী হয়েছে, তা তিনি জানেন না। তাদের পারিবারিক কিছু ঝামেলা রয়েছে। মামলার বিষয়টি জানার পর আইনিভাবেই এর জবাব দেওয়া হবে।

এই বিভাগের আরো খবর